নোয়াখালীতে অন্যকে দিয়ে পরীক্ষা; চাকরিতে যোগ দিতে এসে আটক ২
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
নিয়োগ পরীক্ষায় অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর মাধ্যমে সরকারি চাকরি পাওয়ার অভিযোগে নোয়াখালীতে দুই চাকরিপ্রার্থীকে আটক করা হয়েছে। চাকরিতে যোগদান করতে এসে তাদের পরিচয় ও তথ্য যাচাইয়ের সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
গত রোববার (২১ জুন) রাত সোয়া ৯টার দিকে নোয়াখালীর মাইজদী বাজারে কর অঞ্চল নোয়াখালীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নির্বাচিত কামাল উদ্দিন এবং অফিস সহায়ক পদে নির্বাচিত নাসফুর উল্যাহ হুমায়ুন। তারা যথাক্রমে সদর উপজেলার ব্রহ্মপুর এবং হাতিয়া উপজেলার গুল্যাখালী এলাকার বাসিন্দা। জানা গেছে, নাসফুর উল্যাহ হুমায়ুনের এক মামা আয়কর বিভাগে কর্মরত রয়েছেন।
কর অঞ্চল নোয়াখালীর উপ-কর কমিশনার এনামুল হাসান আল নোমান জানান, গত ১১ জুন লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে ১১২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। রোববার নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও মেডিকেল রিপোর্টসহ যোগদানের জন্য ডাকা হয়।
তিনি বলেন, যোগদান করতে আসা কামাল উদ্দিন ও নাসফুর উল্যাহ হুমায়ুনকে দেখে কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে তাদের হাতের লেখা ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে অসঙ্গতি পাওয়া যায়। একপর্যায়ে তারা স্বীকার করেন যে, নিয়োগ পরীক্ষায় তাদের পরিবর্তে অন্য ব্যক্তি অংশ নিয়েছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, সরকারি চাকরি পাওয়ার আশায় তারা একটি জালিয়াত চক্রের সঙ্গে ১২ থেকে ১৫ লাখ টাকার চুক্তি করেন। ওই চক্র অর্থের বিনিময়ে অন্য ব্যক্তিকে দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। এমনকি আবেদন করার সময় প্রবেশপত্রে ছবিও পরিবর্তন করে দেওয়া হয়েছিল, যাতে পরীক্ষার সময় বিষয়টি ধরা না পড়ে। ঘটনা প্রকাশ পাওয়ার পর তাদের দুজনকে তাৎক্ষণিকভাবে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিসুর রহমান বলেন, কর অঞ্চল নোয়াখালী কার্যালয় থেকে দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় একটি সংঘবদ্ধ জালিয়াত চক্র জড়িত থাকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


















