উখিয়ায় ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।আটক ব্যক্তি হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কেরামতলী চাকমার কুল (বটতলা) এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা মো. মোহাম্মদ হোসেনের ছেলে আবু সৈয়দ (২০)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন ক্যারেঙ্গাঘোনা খাল এলাকায় অবস্থান নেয়। রাত ৮টার দিকে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে।এ সময় ওই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাশি করে একটি পোটলার ভেতরে থাকা খাকি রঙের প্যাকেট থেকে ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবু সৈয়দ স্বীকার করেন যে, তিনি মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে দেশের অভ্যন্তরে নিয়ে আসছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।















