টেকনাফে মোবাইল দোকানের আড়ালে বিয়ারের গুদাম! অভিযান চালিয়ে ১,৪৪০ ক্যান জব্দ
- আপডেট সময় : ১৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে মোবাইল ও ডিজিটাল স্টুডিও দোকানের পেছনে গড়ে ওঠা অবৈধ বিয়ার মজুদের গোপন আস্তানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ দোকানের পেছনের অংশ থেকে ১,৪৪০ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত আমির হামজা প্রকাশ মিলন (৩২) পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল শনিবার (২০ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন, কক্সবাজারের একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পানবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানটি পরিচালিত হয় টেকনাফ-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে হাজী আব্দুল করিম মার্কেটের ‘এস এস মোবাইল মিডিয়া অ্যান্ড ডিজিটাল স্টুডিও’ নামের ১৩-২ নম্বর দোকানের পেছনের অংশে।
ডিএনসি সূত্র জানায়, দোকানটির পেছনের অংশ দোকান মালিক সেবক পালের কাছ থেকে উপ-ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে অবৈধভাবে বিয়ার সংরক্ষণ ও বিক্রি করে আসছিল আমির হামজা ওরফে মিলন।
অভিযানকালে দোকানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। এ সময় দোকানের মেঝেতে রাখা ২০টি কাগজের বাক্সের ভেতর প্রতি বাক্সে ৭২ ক্যান হিসেবে মোট ১,৪৪০ ক্যান বাংলাদেশি তৈরি ‘Hunter 5%’ বিয়ার উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় অভিযুক্ত মিলন ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন, কক্সবাজারের সহকারী পরিচালক কাজী দিদারুল আলম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।ডিএনসি জানিয়েছে, মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে তাদের ‘শূন্য সহনশীলতা’ নীতি অব্যাহত থাকবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।















