ধূমকেতু ট্রেনের ছাদ থেকে মৃতদেহ উদ্ধার
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে নিরব (১২) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম নিরব। সে বগুড়ার ধুনট উপজেলার কুলাগাতি গ্রামের মৃত ভরু মোল্লার ছেলে। পাকশী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল আন্ত:নগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে পৌঁছালে ট্রেনের ছাদে ওই কিশোরের মরদেহ দেখতে পান যাত্রী ও স্টেশনে কর্মরত কর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পাকশী রেলওয়ে থানা পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, ট্রেনটি ভাঙ্গুড়ার বড়াল ব্রিজ অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ে ওই কিশোরের মাথায় সজোরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাকশী রেলওয়ে থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, চলন্ত ট্রেনে সেতুর রেলিংয়ে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে রেলওয়ে পুলিশ।

















