দুধকুমার নদের পানি বিপদসীমার উপরে
কুড়িগ্রামে বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, জেলার দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী নিচু এলাকার মানুষের মধ্যে নতুন করে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর বিপদসীমা ২৯ দশমিক ৬০ মিটার হলেও সোমবার সকাল ৯টায় পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৮৩ মিটার। সকাল ৬টা থেকে ৯টার মধ্যে এই পয়েন্টে নদীর পানি আরও ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং একই সময়ে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, জেলার অন্যান্য প্রধান নদ-নদীর পানিও বাড়ছে। ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানির উচ্চতা ছিল ২৫ দশমিক ৪৫ মিটার, যা বিপদসীমার ৬০ সেন্টিমিটার নিচে। তালুক শিমুলবাড়ী পয়েন্টে পানির উচ্চতা ৩০ দশমিক ৪৭ মিটার, যা বিপদসীমার ৪০ সেন্টিমিটার নিচে। কুড়িগ্রাম সদর এলাকায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে পানি ২ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এসব পয়েন্টে নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলমারী এলাকায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টেও পানির উচ্চতা বেড়েছে। সোমবার সকাল ৯টায় সেখানে পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ২৫ মিটার, যা বিপদসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচে। সকাল ৬টার পর থেকে এ পয়েন্টে পানি ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। কাউনিয়ায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান দৈনিক গণমুক্তিকে জানান, উজানের ঢলের কারণে দুধকুমার নদীর পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। পাশাপাশি জেলার অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। তিনি আরও বলেন, বন্যা পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘণ্টার মধ্যে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেয়ে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে।


















