টানা বৃষ্টিতে নবীনগরে জলাবদ্ধতা, ভোগান্তিতে মানুষ
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
টানা তিন দিনের বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনজীবন ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন এসএসসি পরীক্ষার্থী, শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকেরা।
বুধবার সকালে পৌর শহরের বিভিন্ন সড়কে পানি জমে থাকায় শিক্ষার্থীদের পানি মাড়িয়ে স্কুল ও পরীক্ষাকেন্দ্রে যেতে দেখা যায়। জলাবদ্ধতার কারণে মোটরসাইকেল ও ছোট যানবাহন চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ ইবনে ইউসুফ ও চন্দন দাস জানায়, পরীক্ষা শেষে প্রবল বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে যাওয়ায় ভিজে বাড়ি ফিরতে হয়েছে। বিজয়পাড়া এলাকার শিক্ষার্থী কামাল উদ্দিন বলেন, এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা তৈরি হয়।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টির পাশাপাশি উজান থেকে নেমে আসা পানিতে মেঘনা, তিতাস ও বুড়ি নদীর পানি বাড়ছে। এতে উপজেলার নিম্নাঞ্চলের অনেক গ্রামীণ সড়ক কর্দমাক্ত হয়ে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন তারা।

















