ত্রিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও ঘর নির্মাণ
- আপডেট সময় : ৩৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২নং আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম ১ নং ওয়ার্ডের কাঁচাচড়া মধ্যপাড়া হুতার বাড়ি মৃত কমল চরণ মন্ডলের ছেলে শ্রী সুমন চন্দ্র সরকার(৩৫) নামের এক অসহায় কৃষকের জমি দখল করে নতুন ঘর নির্মাণ করেছেন স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, সুবল চন্দ্র সরকারের ছেলে ১/ শ্রী সবিনয় সরকার(৩৫), মৃত ওমা চরণ মন্ডলের দুই ছেলে ২/ শ্রী সুবল চরণ(৫৮) ৩/শ্রী অবিনাস চরণ মন্ডল(৫৫) আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও সেখানে রাতারাতি ঘর নির্মাণ করেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বুধবার (২০ মে) আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দ্রুত গতিতে রাতদিনে ইটের গাঁথুনি শেষ করে টিনশেড ঘরের ছাওনি কাজ শেষ।
এ বিষয়ে জানতে চাইলে ঘর নির্মাণ কাজে নিয়োজিত মিস্ত্রি সুশীল বাবু বলেন, সবিনয় আমাকে বেশি টাকা দিয়েছে। তাই তারাতাড়ি ঘরের কাজ শেষ করতে হচ্ছে। বেশি লেবার নিয়ে ঘরের কাজ শেষ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা, অনিল বাবু বলেন, সবিনয় খুব তাড়াহুড়ো করে ঘরের কাজ শেষ করে ফেলেছে। আমি যতদূর জানি এ জমির উপর আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা আছে। অথচ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সে এই জমি দখল করে ঘর তৈরি করে ফেলেছে।
আরেক স্থানীয় বাসিন্দা দিগেন্দ্র বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সবিনয় টাকার জোরে এই জমি দখল নিয়ে ঘর করেছে।
এ বিষয়ে ভুক্তভোগী শ্রী সুমন চন্দ্র সরকার বলেন, আমি মুর্খ অসহায় একজন মানুষ। এখানে আমার ১৫ শতাংশ জমি আছে। আমি পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি। যা দীর্ঘদিন ধরে এখানে আমি চাষাবাদ করে খেতাম। সবিনয় জোরপূর্বক আমার জমি দখল নিয়ে ঘর করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আদালতে গিয়েছি। আদালত এ জমিতে নিষেধাজ্ঞা দিয়েছেন। অথচ সবিনয় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার জমি দখল নিয়ে ঘর করেছে। আমি সরকারের কাছে একটা সুষ্ঠু বিচার চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সবিনয় বলেন, ভাই নিউজ করতে হবে না। আমি আপনাকে ভালো একটা সম্মানী দিবো।
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ বলেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার কোনো সুযোগ নেই। তদন্ত চলছে। বাদী এবং বিবাধী উভয়কে নিষেধাজ্ঞা সম্পর্কে বলা হয়েছে। কেউ ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

















