বড়লেখায় ইসলামী ব্যাংকে আলোচনা সভা
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর গ্রাহক সেবা মাস-২০২৬ উপলক্ষে বড়লেখা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৩ জুলাই) বিকেলে বড়লেখা শাখা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, উলামায়ে কেরাম, মাশায়েখ ও বিপুল সংখ্যক গ্রাহক অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন শাখার ম্যানেজার (অপারেশনস) মো. আব্দুল মুহিত। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ প্রধান মো. আলী হোসাইন। এছাড়া জিবি ইনচার্জ মো. আনিছুর রহমান অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন।
আলোচনা সভায় গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা জিয়াউল হক, মাওলানা আব্দুল্লাহ এবং তাকদুল ইসলাম। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে শতভাগ শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। আধুনিক ও ডিজিটাল সেবার পাশাপাশি গ্রাহকবান্ধব কার্যক্রমের কারণে ব্যাংকটি মানুষের হৃদয়ে আস্থা ও বিশ্বাসের স্থান করে নিয়েছে।
সভায় সমাপনী বক্তব্যে বড়লেখা শাখার এফএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, গ্রাহকদের সর্বোচ্চ মানের নিরাপদ, আধুনিক ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকদের সহযোগিতা ও আস্থাই এই ব্যাংকের এগিয়ে চলার মূল চালিকাশক্তি।
এসময় ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ১ থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত চলমান গ্রাহক সেবা মাস উপলক্ষে বড়লেখা শাখায় নগদ জমার অনলাইন লেনদেনের চার্জ সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত গ্রাহকরা জানান, ইসলামী ব্যাংক একটি সুদমুক্ত ও শরিয়াহসম্মত ব্যাংক। হালাল ব্যাংকিং কার্যক্রম পরিচালনার কারণে ভবিষ্যতেও তারা ইসলামী ব্যাংকের সঙ্গেই থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

















