বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ ইয়াবা উদ্ধার, আটক ১
- আপডেট সময় : ৪৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটককৃত ব্যক্তি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ক্যারেঙ্গাঘোনা গ্রামের নুর আহমেদের ছেলে লুৎফর রহমান (২১)। গতকাল মঙ্গলবার (১৯ মে) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন ক্যারেঙ্গাঘোনা বিজিবি পোস্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় কয়েকজন পাচারকারী মায়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে লুৎফর রহমানকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অন্য পাচারকারীরা গ্রামের ভেতরে পালিয়ে যেতে সক্ষম হয়।পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি মায়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি জড়িত রয়েছে বলেও তিনি জানান।বিজিবি জানায়, মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক নির্মূলে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

















