মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, সাম্প্রদায়িক উসকানি এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মারমা সম্প্রদায়। গতকাল রোববার খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, মারমা সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক রুমেল মারমা। তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, ঢাকায় বসবাসরত খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ফাতেমানগরের মৃত হাবিবুর রহমানের ছেলে আবুল হোসেন ফারুক ওরফে এএইচএম ফারুক সামাজিক যোগাযোগমাধ্যমে মারমা জনগোষ্ঠী ও তাদের নেতৃবৃন্দকে জড়িয়ে ধারাবাহিকভাবে মিথ্যা, বানোয়াট, উসকানিমূলক ও বিদ্বেষপূর্ণ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার ফেসবুক পোস্ট ও মন্তব্যের মাধ্যমে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং পার্বত্যাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সম্প্রতি তথাকথিত “আরাকান আর্মি”র সঙ্গে মারমা জনগোষ্ঠীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে মারমা সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়, তারা সবসময় বাংলাদেশের সংবিধান, আইন ও রাষ্ট্রীয় কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।
এসময় প্রশাসনের কাছে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, আবুল হোসেন ফারুক ও এএইচএম ফারুককে দ্রুত আইনের আওতায় আনা, অপপ্রচারের নেপথ্য তদন্ত, সাম্প্রদায়িক উসকানির দায়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং পার্বত্যাঞ্চলের শান্তি-সম্প্রীতি রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে ম্রাচাই মারমা, আপ্রুশি মারমা, কংজপ্রু মারমা, ক্যজরী মারমা, সুধাঅং মারমা, ববি মারমাসহ মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















