কুমুরতিয়ায় সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের কুমুরতিয়া গ্রামের সড়কগুলোর অবস্থা দীর্ঘদিন ধরে অত্যন্ত নাজুক। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদায় পরিণত হয়। তখন পথচারীদের চলাচল যেমন দুর্বিষহ হয়ে ওঠে, তেমনি বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যানসহ কোনো ধরনের যানবাহন চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্থানীয়দের ভাষায়, “এটি আর রাস্তা নয়, যেন চাষের জমি।”
বর্তমানে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বৃষ্টির পানিতে রাস্তা তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে চরম দুর্ভোগে পড়ছে। অনেক সময় তাদের স্কুল ইউনিফর্ম কাদা ও পানিতে ভিজে যায়। এছাড়া ছোট শিশুদের জন্য এ পথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
গ্রামবাসীর অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণে জরুরি মুহূর্তে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টকর। এমনকি চিকিৎসকরাও গ্রামের ভেতরে আসতে অনাগ্রহী হন, কারণ যাতায়াতের উপযুক্ত ব্যবস্থা নেই।
স্থানীয়রা জানান, বছরের পর বছর কেটে গেলেও গ্রামের এই গুরুত্বপূর্ণ সড়কের কোনো উন্নয়ন হয়নি। সরকার, সংসদ সদস্য, চেয়ারম্যান ও জনপ্রতিনিধি পরিবর্তন হলেও কুমুরতিয়া গ্রামের মানুষের দুর্ভোগের অবসান ঘটেনি।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে স্থানীয় সংসদ সদস্যের প্রতি দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, একটি টেকসই ও চলাচল উপযোগী রাস্তা নির্মাণের মাধ্যমে গ্রামের মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে এবং শিক্ষার্থী, রোগীসহ সকলের দুর্ভোগের অবসান হবে।



















