জেরিন হত্যা মামলার পলাতক আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
- আপডেট সময় : ৪৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের বাহুবলে ইজিবাইক ও পিকআপের সংঘর্ষে জেরিন আক্তার (২৬) নিহতের ঘটনায় দায়ের করা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯ ও র্যাব-১১-এর যৌথ অভিযানে মুন্সীগঞ্জের গজারিয়া এলাকা থেকে ইরফান মিয়া (২০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৩ এপ্রিল বিকেলে বাহুবল উপজেলার বড়গাঁও শাহি জামে মসজিদের সামনে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী জেরিন আক্তার গুরুতর আহত হন। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত তার মেয়েকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের স্বামী বাহুবল থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
















