টানা দ্বিতীয়বার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক
- আপডেট সময় : ৪৬ বার পড়া হয়েছে
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে টানা দ্বিতীয়বার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইউএনও আবুজর মো. ইজাজুল হক।
রোববার বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। মে মাসের ধারাবাহিকতা বজায় রেখে জুন মাসেও জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বরিশাল বিভাগের ৬ জেলার ৪২টি উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গলাচিপা উপজেলা।
তথ্য অনুযায়ী, জুন মাসে গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। এর বিপরীতে নিবন্ধিত হয়েছে ৫১৯টি, যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, আর সম্পন্ন হয়েছে ২৬৯টি, যা লক্ষ্যমাত্রার ২৩২ শতাংশ। সব মিলিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উপজেলার গড় অর্জন ১৭৭ শতাংশ, যা বরিশাল বিভাগের সর্বোচ্চ।
এ বিষয়ে ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, এই অর্জন উপজেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ সদস্যদের আন্তরিক সহযোগিতায় এ সাফল্য এসেছে। তিনি জেলা প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার)-এর দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, আবুজর মো. ইজাজুল হক এর আগে ২০২৪-২৫ অর্থবছরে দেশের ৫০৭টি উপজেলা ও সিটি করপোরেশনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বর্ষসেরা ইউএনও হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন।

















