নীলফামারীর শ্রেষ্ঠ এসিল্যান্ড ডিমলার রওশন কবির
- আপডেট সময় : ১৮ বার পড়া হয়েছে
নীলফামারী জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) হিসেবে নির্বাচিত হয়েছেন ডিমলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল রোববার (২২ জুন) নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান তার হাতে শ্রেষ্ঠ এসিল্যান্ডের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসমিন আওন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান, জেলার ছয় উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
জানা গেছে, ডিমলা উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই মো. রওশন কবির ভূমি প্রশাসনের সেবাকে জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল করতে নানা কার্যক্রম হাতে নেন। সরকারি খাসজমি উদ্ধার ও সংরক্ষণ, অবৈধ দখল উচ্ছেদ, ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, নামজারি কার্যক্রমে গতি বৃদ্ধি এবং ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়াও ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমানো, দালালমুক্ত পরিবেশ সৃষ্টি এবং দ্রুত সেবা প্রদানের মাধ্যমে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, মো. রওশন কবির একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে ডিমলাবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার নেতৃত্বে ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও সেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হওয়ায় ডিমলা উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে। ডিমলা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে। এক বিবৃতিতে প্রেসক্লাব সভাপতি মো. ময়েন কবীর, সম্পাদক মো. বাদশা প্রামাণিক এবং সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ তার কর্মজীবনের ধারাবাহিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান বলেন, জনসেবামুখী কর্মকাণ্ড, প্রশাসনিক দক্ষতা এবং দায়িত্বশীলতার পাশাপাশ আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় মো. রওশন কবির জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রশাসনের বিভিন্ন মহলের অভিমত, এ স্বীকৃতি ভবিষ্যতে মো. রওশন কবিরকে আরও উদ্দীপ্ত করবে এবং ভূমি প্রশাসনে সুশাসন, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে নতুন মাত্রা যোগ করবে।















