বান্দরবানে বন্যার্তদের পাশে ইউসিবি, বিতরণ করা হলো ত্রাণ
- আপডেট সময় : ৮৫ বার পড়া হয়েছে
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
রোববার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান চৌধুরী, ইউসিবির বান্দরবান শাখার ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট মো. হানিফ চৌধুরী, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বন্যাদুর্গত মানুষ।
অনুষ্ঠানে অধ্যাপক থানজামা লুসাই বলেন, কোনো ক্ষতিগ্রস্ত মানুষ ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হবে না। ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনও দুর্গম এলাকায় ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ইউসিবির চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় প্রধান মেহেদী হাসান চৌধুরী বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো ব্যাংকের সামাজিক দায়িত্বের অংশ। অতীতের মতো ভবিষ্যতেও ইউসিবি অসহায় মানুষের পাশে থাকবে।
পরে জেলা পরিষদের চেয়ারম্যান ও ইউসিবির কর্মকর্তারা বন্যাকবলিত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। ত্রাণ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।


















