মুন্সীগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারির ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
গতকাল বুধবার গভীর রাতে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মুন্সী ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে সোহেল মুন্সী তার বসতবাড়ির উত্তর দুয়ারী ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। কয়েকদিন আগে সন্তান জন্ম দেওয়ায় তার স্ত্রী নুপুর বেগম পাশের ঘরে নিজের মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিলেন।
রাত আনুমানিক ২টার দিকে বাড়ির উঠানে শব্দ শুনে সোহেলের মা সেফালি বেগম ও স্ত্রী নুপুর বেগম ঘুম থেকে জেগে ওঠেন। বাইরে এসে তারা দেখতে পান, উঠানে সোহেল মুন্সীর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন জ্বলছে। এ সময় সোহেলের রক্তাক্ত মরদেহ উঠানে পড়ে থাকতে দেখা যায়।
নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ঘর থেকে ডেকে বা জোরপূর্বক বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ঘটনাটি আড়াল করার উদ্দেশ্যে তার মোটরসাইকেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে।
















