সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য আটক
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালায় ১৮১৮ সালের প্রাচীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সীমানা পিলারসহ আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশ। উদ্ধারকৃত পিলারটি পরীক্ষার সময় ছদ্মবেশী এই চক্রটিকে হাতেনাতে ধরা হয়। যার মধ্যে পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের এক দলিল লেখকও রয়েছেন।
পুলিশ জানায়, শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ভোলানাথের ঘরের মেঝে খুঁড়ে লুকিয়ে রাখা প্রাচীন সীমানা পিলারটি বের করে যখন তথাকথিত ‘বিশেষজ্ঞ’ দল পরীক্ষা করছিল, ঠিক তখনই পুলিশ তাদের ঘিরে ফেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাইকগাছা লস্কর গ্রামের সুশান্ত সরকার (৪৪) (দলিল লেখক), একই গ্রামের তুষার কান্তি সরকার (৩৫), বটিয়াঘাটার সুন্দরমহল গ্রামের যাদব সরকার (৪২) এবং ঘরের মালিক ভোলানাথ মন্ডল (৬০)। অভিযানকালে পিলার ছাড়াও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত যাদব সরকার পুলিশকে জানিয়েছেন, বটিয়াঘাটার পোদলা গ্রামের জাকির হোসেন নামের এক ব্যক্তি পিলারটি পরীক্ষার জন্য তাদের নিয়োজিত করেছিলেন।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয় এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, ধৃত ব্যক্তিরা মূলত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। এই চক্রের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া ও মামলা দায়েরের কাজ চলছে।এ বিশয় দলিল লেখক সমিতি কর্তৃপক্ষ স্বীকার করেছে।
















