সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের আহ্বান রাসিক প্রশাসকের
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
আধুনিক, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত শিক্ষানগরী গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। একইসঙ্গে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ প্রকাশের আশ্বাস দিয়ে তিনি বলেন, নগর উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা ইতিবাচক ভূমিকা রাখবে। গতকাল বুধবার (২০ মে) বিকেলে রাসিকের কনফারেন্স হলে রাজশাহী মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নগর প্রশাসক বলেন, রাজশাহীর যানজট, স্যুয়ারেজ ব্যবস্থা ও ফুটপাত সমস্যা দীর্ঘদিনের। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর প্রতিটি ওয়ার্ড ঘুরে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার কাজ তদারকি করা হচ্ছে। তিনি বলেন, ৫ আগস্টের পর ক্ষমতাসীন আওয়ামী লীগের দায়িত্বশীল ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় সারাদেশের মতো রাজশাহীতেও বিভিন্ন উন্নয়নকাজ স্থবির হয়ে পড়ে। আমরা বিশেষ নজরদারির মাধ্যমে দ্রুত সেসব কাজ শেষ করার চেষ্টা করছি।
তিনি আরও জানান, ফ্লাইওভার নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে মাহফুজুর রহমান রিটন বলেন, যারা ফুটপাতে জীবিকা নির্বাহ করেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এরপর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমার কাজে কোথাও ত্রুটি থাকলে সংবাদ প্রকাশের মাধ্যমে তুলে ধরবেন। সবাই স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করবেন, আমার পক্ষ থেকে কোনো বাধা থাকবে না।
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। নগরবাসীর জন্য রাসিকের পক্ষ থেকে পচনশীল পলিথিন ও ব্লিচিং পাউডার সরবরাহ করা হবে জানিয়ে তিনি বলেন, নির্ধারিত পলিথিনে কোরবানির বর্জ্য সংরক্ষণ করলে পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত তা অপসারণ করতে পারবেন। তার প্রত্যাশা, ঈদের দিন রাত ১০টার মধ্যেই পুরো নগরীর কোরবানির বর্জ্য পরিষ্কার করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণ করা গেলে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, তা অনেকাংশে কমে আসবে। নগরীর কোথাও সমস্যা দেখা দিলে সাংবাদিকদের তা দ্রুত অবহিত করার আহ্বানও জানান তিনি।
এসময় সাংবাদিকরা বলেন, অল্প সময়ের মধ্যেই নগর প্রশাসকের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে। পরিচ্ছন্নতা কার্যক্রম, রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সেবা গতিশীল করতে নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন তারা। একইসঙ্গে জলাবদ্ধতা নিরসন, মাদক বিস্তার রোধ ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সাংবাদিকরা বলেন, আমরা চাই রাজশাহী একটি নিরাপদ, আধুনিক ও বাসযোগ্য নগরীতে পরিণত হোক। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সেই পরিবর্তন আরও দ্রুত দৃশ্যমান হবে।
সভায় নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে বৃষ্টির সময় সৃষ্ট জলাবদ্ধতার বিষয়টি তুলে ধরা হলে প্রশাসক দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















