স্কুলে যাওয়ার পথে ‘নিখোঁজ’ এসএসসি পরীক্ষার্থী
- আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
বরিশালের বানারীপাড়া উপজেলায় মোসাম্মৎ নাজিয়া (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার এলাকা থেকে সে নিখোঁজ হয় বলে জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ নাজিয়া বানারীপাড়া উপজেলার বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, ওইদিন বিদ্যালয়ে তার ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হলেও পরে জানা যায়, সে বিদ্যালয়ে পৌঁছায়নি।
এ ঘটনায় নাজিয়ার বাবা মো. নজরুল ইসলাম বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি নম্বর- ৮৮৬; তারিখ: ১৯ মে ২০২৬। পরিবার জানায়, নাজিয়ার গায়ের রং ফর্সা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজন প্রায় ৫৫ কেজি। তার বাড়ি উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমরেরপাড় এলাকায়।
স্বজনদের দাবি, বিদ্যালয়ের সামনে কিংবা আশপাশের কোনো স্থান থেকেই নাজিয়া নিখোঁজ হয়ে থাকতে পারে। সম্ভাব্য আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এতে পরিবার চরম উৎকণ্ঠা ও উদ্বেগের মধ্যে দিন পার করছে।
নিখোঁজ ছাত্রীর সন্ধান পেলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার
এ বিষয়ে বানারীপাড়া থানা পুলিশ জানায়, সাধারণ ডায়েরি নথিভুক্ত করার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিখোঁজ ছাত্রীকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে।


















