কুষ্টিয়ায় বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
বেপরোয়া গতির একটি ট্রাক এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে । গতকাল শনিবার কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা শিমুলিয়া নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খোকসা জিলাপিতলা এলাকা থেকে পাংশাগামী বগুড়া-ড ১১-২৭০৩ নম্বরের একটি ড্রাম ট্রাক, দৌলতদিয়া থেকে কুষ্টিয়াগামী ঢাকা মেট্রো-ব ১৩-০০৯৩ নম্বরের ‘তানহা পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া দুজন হলেন ফরিদপুর সদর উপজেলার জুনায়েদের ছেলে নাবিল (২৮)। তিনি খোকসায় তার নানাবাড়িতে ঈদ করতে আসছিলেন। অপরজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার রফিয়া (২২)। বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে দুইজন পুরুষের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এছাড়া ৭ জন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, আহত ২০ জনের মধ্যে দুজন খোকসায় আনার আগেই এবং আরও দুজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পূর্বেই মারা যান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনজন পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং একজন নারী মহিলা ওয়ার্ডে ভর্তি রয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে খোকসা সহকারী কমিশনার (ভূমি) জানান, আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, রাজবাড়ীর দিক থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস খোকসা উপজেলার শিমুলিয়া কুঠিবাজার এলাকায় পৌছালে বিপরীত দিক রাজবাড়ি অভিমুখে যাওয়া দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪ জন নিহত। নিহতের দুজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের শনাক্তে কাজ করছে পুলিশ। দুর্ঘটনা অফ গলিত বাস ও ট্রাক পুলিশ জব্দ করে থানায় নিয়েছে।

















