বান্দরবানে শুরু হচ্ছে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
- আপডেট সময় : ১৯৪ বার পড়া হয়েছে
বান্দরবানে শুরু হতে যাচ্ছে পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। আজ সোমবার জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ৯ ডিসেম্বর থেকে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে জেলা স্টেডিয়ামে শুরু হবে বান্দরবান জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং। এবারের টুর্নামেন্টে বান্দরবানের সাতটি উপজেলা ফুটবল দল এবং বান্দরবান সদর ফুটবল দলসহ মোট ৮টি দল অংশ নেবে। আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ী দলকে দেওয়া হবে গোল্ডকাপ ট্রফি এবং অংশগ্রহণকারী সব দলকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।
তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখা এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করতে আগামীতে আরও বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এতে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মুনসুর, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য উবাথোয়াই মার্মা, জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও জেলা পরিষদের কর্মকর্তারা।


















