বৈধ কাগজপত্র থাকার পরও জমির মালিককে হয়রানি
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জমি ও টিনসেট ভবন ক্রয়কে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে হুমকি-ধামকি ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি সাধনের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শাহাবুদ্দিন নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাব-রেজিস্ট্রি অফিসে ৭৮৪ নং সাফ কবলা দলিলের মাধ্যমে ২.৫০ শতাংশ জমিসহ ৮৩২ বর্গফুটের একটি টিনসেট ভবন ক্রয় করেন মোঃ শাহাবুদ্দিন ও তার ভাই। পরে তারা নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নামজারির আবেদন করলে উক্ত সম্পত্তি তাদের নামে রেকর্ডভুক্ত হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১১ মে বিকেল ৪টার দিকে সম্পত্তির দাতা মরিয়ম আক্তার সরেজমিনে গিয়ে ক্রয়কৃত জমি ও ভবন বুঝিয়ে দেন। এরপর থেকে শাহাবুদ্দিন সেখানে ব্যবসা পরিচালনা করে আসছেন।
তবে সম্প্রতি অভিযুক্ত মোঃ শহিদুল ইসলাম, তার ভাই ছিদ্দিকুর রহমানসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জন লোক ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে এসে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি সাধনের চেষ্টাও করা হয় বলে দাবি ভুক্তভোগীর।
ভুক্তভোগী শাহাবুদ্দিন জানান, “আমরা বৈধ কাগজপত্রের মাধ্যমে সম্পত্তি ক্রয় করে ভোগদখলে আছি। এরপরও প্রতিপক্ষ আমাদের হুমকি-ধামকি দিয়ে আসছে। ভবিষ্যতে যেন কোনো ধরনের ক্ষতি করতে না পারে, সে জন্য থানায় অভিযোগ দিয়েছি।”
এ বিষয়ে নেছারাবাদ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















