সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন
সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান
- আপডেট সময় : ৪০ বার পড়া হয়েছে
গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদারের লক্ষ্যে সুন্দরগঞ্জ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে গঠিত ২৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে দৈনিক ঘাঘট পত্রিকার স্টাফ রিপোর্টার মোশাররফ হোসেন বুলুকে সভাপতি, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকা ও জাগরণী টিভির প্রতিনিধি মিজানুর রহমান মিজানকে সাধারণ সম্পাদক এবং এশিয়ান টিভির প্রতিনিধি মোকছেদ আল মামুনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের আহ্বায়ক মোশাররফ হোসেন বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা অংশ নেন। সভায় বক্তব্য রাখেন একেএম শামছুল হক, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, মোকছেদ আল মামুন, জাহিদ হাসান জীবন, রিয়াদ হাসান, জয়ন্ত সাহা যতন, জুয়েল রানা এবং লতিফুর রহমান লিয়ন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। নতুন কমিটি সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং স্থানীয় সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, সুন্দরগঞ্জ প্রেসক্লাবকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তুলতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় হবে বলেও মত দেন তারা।
সভায় সর্বসম্মতিক্রমে গঠিত নতুন কমিটির নেতৃবৃন্দ সুন্দরগঞ্জে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার ধারাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।



















