হাবিপ্রবিতে “অ্যান্টি র্যাগিং এক্টিভিটিস এন্ড একাডেমিক কাউন্সিলিং” বিষয়ক সেমিনার
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ শিক্ষাবর্ষের সকল অনুষদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ ও গ্রুপ রিপ্রেজেন্টেটিভদের জন্য “অ্যান্টি র্যাগিং এক্টিভিটিস এন্ড একাডেমিক কাউন্সিলিং ”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে ২০২৬, হাবিপ্রবি, সকাল ৯.৪৫টায় আইকিউএসি’র কনফারেন্স রুমে উক্ত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন র্যাগিং একটি অমানবিক ও শাস্তিযোগ্য অপরাধ। যা সভ্য সমাজে একটি ঘৃণিত ও বর্বও কর্মকান্ড। র্যাগিং শিক্ষাঙ্গনের সুস্থ পরিবেশ নষ্ট কওে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই সকলে মিলে কাউন্সিলিং এর মাধ্যমে এই ঘৃণিত কর্মকান্ড থেকে সকলকে বিরত রাখতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যদি প্রতিদিন ঘুম থেকে উঠেই ভালো কাজ করার এবং খারাপ কাজ থেকে বিরত থাকার সংকল্প করে তাহলে তার দ্বারা কোন অপকর্ম সংগঠিত হবে না। যা বাস্তবায়নে মানবিক ইচ্ছাই যথেষ্ট। সকলে মিলে এই সমাজকে সুন্দর করতে হবে। তাই, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে হবে। ভিসি মহোদয় শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কাউন্সিলিং গ্রহণের মাধ্যমে মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদার উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এ লক্ষ্যে জুনিয়রদের স্নেহ এবং সিনিয়রদের সম্মান করতে হবে। র্যাগ দিয়ে বা ভয় দেখিয়ে কখনও মন থেকে শ্রদ্ধা অর্জন কিংবা সুশৃঙ্খল পরিবেশ গড়ে তোলা যায় না। ভালো কিছু করতে হলে পরস্পরের সাথে ভালো ব্যবহার করতে হবে। মনে রাখবে বিশ্ববিদ্যালয় জীবনের এই সৌহাদ্যপুর্ণ সম্পর্কগুলো সারাজীবনের পাথেয় হয়ে থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবি’র আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড. সাইফুল হুদা, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুহাসান, রিসোর্স পার্সন হিসেবে ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস.এম. এমদাদুল হাসানসহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার মো. রাজীবমন্ডল।
উল্লেখ্য, হাবিপ্রবির নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন এবং র্যাগিং এর নামে নবীন শিক্ষার্থীদের হয়রানি, শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করা এবং এ ধরণের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিভিন্ন শাস্তিমূলক আইন সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।

















