কোরআন অবমাননার অভিযোগে যুবক কারাগারে
- আপডেট সময় : ২২ বার পড়া হয়েছে
পবিত্র কোরআন অবমাননার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের শাওন চন্দ্র দাস নামে স্থানীয় এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৯ মে) রাতে রাজধানী ঢাকার তেজগাঁও এলাকা থেকে শিল্প পুলিশের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়।
শাওন চন্দ্র দাস গৌরীপুর পৌর শহরের মাঝিপাড়া এলাকার সাধন চন্দ্র দাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শাওন চন্দ্র দাস তার ব্যবহৃত ইমো আইডিতে ‘পবিত্র কোরআনের উপরে পা রাখার’ প্রচ্ছদ দেয়ার ছবি মঙ্গলবার ফেসবুকের একাধিক আইডিতে ছড়িয়ে পড়ে। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই দিন রাতে স্থানীয় মুসলিম জনতা শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে শাওনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। পরে শাওনকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাসে পুলিশের হস্তক্ষেপে উত্তপ্ত পরিস্থিতি শান্ত হয়।
এদিকে ঘটনারিদন রাতেই রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় শাওনকে আটক করে শিল্প পুলিশ। পরে আটকৃত তরুণকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। বিকেলে তাকে আইনি প্রক্রিয়া শেষে কারাগারে প্রেরণ করা হয়।
এ ঘটনায় ইত্তেফাকুল উলামা গৌরীপুর উপজেলা কমিটির সভাপতি মুফতি নাজিম উদ্দিন বাদী গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান জানান, শিল্প পুলিশের তৎপরতায় মঙ্গলবার রাতেই শাওনকে ঢাকায় আটক করা হয়। পরে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়| তার বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা হয়| যথাযথ আইনি প্রক্রিয়াশেষে তাকে কারাগারে পাঠানো হয়|


















