নেছারাবাদে অজ্ঞান পার্টির খপ্পরে স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ নার্স
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স-এর সিনিয়র স্টাফ নার্স নীলিমা ব্যাপারী।
গত রোবাবর তিনি স্থানীয় সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়িতে ফিরছিলেন। এ সময় পথিমধ্যে এক অচেনা ব্যক্তি তার কাছে এসে কিছু জিনিস কেনার কথা বলে মুখের সামনে কিছু ধরেন এবং বলেন, “এগুলো কিনবেন, মাত্র এক মিনিটের ব্যাপার।”
এরপরই নীলিমা ব্যাপারী অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। অভিযোগ রয়েছে, ওই ব্যক্তি যা যা চেয়েছেন, তিনি নিজের গলার চেইন, কানের দুল, নগদ টাকা ও মোবাইল ফোন খুলে তার হাতে তুলে দেন।
কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে এলে তিনি বুঝতে পারেন, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন এবং তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। পরে বিষয়টি স্থানীয়দের জানান তিনি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ বা আইনি সহায়তা নেননি বলে জানা গেছে।

















