সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ
- আপডেট সময় : ১৯১ বার পড়া হয়েছে
সুন্দরবনের লোকালয় থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ লক্ষ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।
২৬ আগস্ট সকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত গতকাল সোমবার কোস্টগার্ড স্টেশন কয়রা এর একটি অভিযানিক দল সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত প্রায় ৩ লক্ষ ৮২ হাজার ৫০০ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত কাঁকড়াগুলোর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।




















