সরিষাবাড়ীতে পাট চাষিদের প্রশিক্ষণ, উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির উপর জোর
- আপডেট সময় : ৭৩ বার পড়া হয়েছে
“সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পাট উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পাট চাষিদের জন্য দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (২২ জুন ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, সরিষাবাড়ীর যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন পাট চাষি অংশগ্রহণ করেন। এতে পাটের উন্নত জাত নির্বাচন, সঠিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই দমন, জাগ দেওয়া এবং আঁশ সংগ্রহের আধুনিক কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ নিশ্চিত করা গেলে পাটের উৎপাদন ও মান উভয়ই বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও উল্লেখ করেন, পরিবেশবান্ধব ও বহুমুখী ব্যবহারের কারণে বিশ্ববাজারে পাটের চাহিদা ক্রমাগত বাড়ছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষকদের দক্ষ করে তোলা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেন, জেলা পাট উপসহকারী কর্মকর্তা আব্দুল জলিল, পাট উন্নয়ন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক নূরে আলম, উপজেলা পাট পরিদর্শক মোঃ আওরঙ্গজেব আতা এবং উপজেলা উপসহকারী পাট কর্মকর্তা রিফাত হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাট অধিদপ্তরের মনিটরিং কর্মকর্তা (সরকারি পরিচালক) মো. কামাল উদ্দিন সরাসরি চাষিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী চাষিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও উপকারী উল্লেখ করে ভবিষ্যতেও নিয়মিত এমন প্রশিক্ষণের আয়োজনের দাবি জানান।




















