গাইবান্ধায় স্কুল কমিটি নিয়ে হামলায় ছাত্রশিবির নেতা নিহত
- আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে সভাপতি কেন্দ্র করে বিরোধের জেরে সাইফুল ইসলাম (২২) নামের এক ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে যুবদলের নেতা মুকুল ও তার সহযোগীরা। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এই নৃশংস হামলার ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে। নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। ওই ঘটনায় সালাউদ্দিন নামের আরও এক কর্মী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সাথে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন ঘিরে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে স্থানীয় যুবদলের নেতা মুকুল মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এ সময় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম ও সালাউদ্দিন এই ঘটনার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে মুকুল মিয়া ও তার সহোদর ভাই পলাশসহ সহযোগী আশরাফ ধারালো ছুরি দিয়ে সাইফুল ও সালাউদ্দিনকে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত সালাউদ্দিনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে স্থানীয় যুবদলের নেতা মুকুল মিয়াকে বহিষ্কার করেছে।
এই ঘটনার পর উত্তেজিত ছাত্র-জনতা ঘাতক মুকুল মিয়ার ঘর বাড়ি পুড়ে দিয়েছে বলে জানা গেছে।
সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন এই ঘটনার ঘটনায় জড়িত ঘাতকদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছে।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালিত হচ্ছে।




















