ঈশ্বরদীতে ট্রাকের চাপায় শিশুসহ নিহত ২ জন
- আপডেট সময় : ৫৪ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ নিহত হয়েছেন দুইজন। এ ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯ টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক অভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এক নারী তার শিশু সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে রূপপুর থেকে দাশুড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে কোলেরকান্দি বটতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল চালক শিশুটিকে উদ্ধার করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক শিশুসহ চাপা দেয় তাকে। ঘটনাস্থলেই শিশুটি ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। দুর্ঘটনায় শিশুটির মা গুরুতর আহত হন। খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস ও পাকশী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত নারীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত নারীকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নান্নু মিয়া বলছিলেন, নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।




















