ডিমলায় জাল দলিল প্রদর্শনে জমির মালিক ও দলিল লেখক গ্রেপ্তার
- আপডেট সময় : ৪৭ বার পড়া হয়েছে
নীলফামারীর ডিমলা উপজেলা ভূমি অফিসে নামজারি শুনানির সময় জাল দলিল প্রদর্শনের অভিযোগে এক দলিল লেখক ও এক জমির মালিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। দলিল যাচাই-বাছাইয়ে জালিয়াতির সত্যতা পাওয়ার পর এ পদক্ষেপ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, রওশন কবির।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা ভূমি অফিসে নামজারি মামলা নং-৪৬৫৩/২৫-২৬ এর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে সাব-কবলা দলিল নং-২১১৩/২৩ উপস্থাপন করা হলে সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবিরের সন্দেহ হয়। পরে তিনি দলিলটির বিষয়ে সংশ্লিষ্টদের চ্যালেঞ্জ করেন এবং রেজিস্ট্রি অফিসে নথিপত্র যাচাই করে নিশ্চিত হন যে, দলিলের তফসিলের পাতা পরিবর্তন করা হয়েছে।
ঘটনার সত্যতা পাওয়ার পর নামজারির আবেদনকারী বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া ডাঙ্গারহাট এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে মো. লিয়াকত আলী (৪৭) এবং ডিমলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই ময়দানের ডাঙ্গা গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে তহমিদুল ইসলাম সুমন (৪২)-কে আটক করা হয়। পরে তাদের ডিমলা থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় উপজেলা ভূমি অফিসের পেশকার তরনী কান্ত বাদী হয়ে ডিমলা থানায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৫(১)(গ) ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর-১২, তারিখ ৯ জুন ২০২৬।
ডিমলা থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, ভূমি সংক্রান্ত জালিয়াতি রোধে প্রশাসনের এমন কঠোর অবস্থান ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নামজারি ও দলিল সংক্রান্ত কার্যক্রমে জাল নথি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ফলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।




















