ঘাটাইলে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র্যালি
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে পৌরসভার চান্দশী এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন এবং সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় তারা ‘মাদককে না বলুন, সুস্থ-সুন্দর জীবন গড়ুন’, ‘মাদক ছাড়ুন, পরিবারকে ভালোবাসুন’, ‘মাদক ছাড়ো, খেলাধুলা করো, সুস্থ-সুন্দর জীবন গড়ো’ এবং ‘হয় মাদক ছাড়ো, নয় ৩ নম্বর ওয়ার্ড ছাড়ো’—এসব স্লোগান দেন।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি, প্রশাসনের কঠোর পদক্ষেপ এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।

















