‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—সিরাজগঞ্জে মন্ত্রী টুকু
- আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “ভদ্রলোক আওয়ামী লীগ করে না, বরং সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে।”
শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে মন্ত্রী বলেন, “আমরা ভদ্রতা করি, করতে জানি। কিন্তু তারা কী করেছে? আমার বাড়ির সামনে দিয়ে মহড়া দিয়েছে এবং বকাবকি করেছে। এটাই তাদের সঙ্গে আমাদের পার্থক্য।”
তিনি বলেন, আওয়ামী লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অনেক মানুষ নিহত ও নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে কাউকে ভয়ভীতি দেখানো হয়নি, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়নি এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হয়েছে বলেও তিনি দাবি করেন।
রাজনীতির উদ্দেশ্য প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “রাজনীতিতে কী পেলাম, সেটি বড় বিষয় নয়। মানুষকে কী দিতে পারলাম, সেটিই গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে আমি বলেছিলাম, তিনি ক্ষমতায় থাকা অবস্থায় দেশে ফিরব না, আমার লাশ ফিরবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি পালিয়ে গেছেন, আর আমি দেশে ফিরেছি।”
তাঁতশিল্পের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হতে পারেন এবং ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা হওয়ার সুযোগ রয়েছে এ খাতে। তিনি দাবি করেন, একসময় তাঁতশিল্পের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতি সমৃদ্ধ হয়েছিল এবং স্বাধীনতার পর আওয়ামী লীগ এ শিল্পকে ধ্বংস করেছে।
তিনি বলেন, সরকারে থাকার অর্থ এই নয় যে কেউ বড় কিছু হয়ে গেছে। দেশের কল্যাণে কাজ করতে হবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে মন্ত্রী বলেন, তিনি দেশকে ভালোবাসেন এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখতে চান। তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। সবাইকে সঙ্গে নিয়ে চলাই জিয়া পরিবারের শিক্ষা।
অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন করেন।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

















