নিজের নামে কবরস্থানের জমি! ক্ষোভে ফুঁসছে দুই গ্রাম।
- আপডেট সময় : ৫৯ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পাঁচকাইচাইল গ্রামে ঘটেছে এক চরম নিন্দনীয় ও লজ্জাজনক ঘটনা। অভিযোগ উঠেছে, দুই গ্রামের প্রায় দেড় হাজার মানুষের ব্যবহৃত কবরস্থানের জমি গোপনে নিজের নামে দলিল করে নিয়েছেন সারোয়ার মাতুব্বর নামে এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাঝিকান্দা ও পাঁচকাইচাইল গ্রামের মানুষের জন্য প্রায় ২৮ বছর আগে নির্ধারিত এই কবরস্থানটি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল দুই গ্রামের বাসিন্দারা। কিন্তু সম্প্রতি সারোয়ার মাতুব্বর কৌশলে জমিটির মালিকানা নিজের নামে নিয়ে নেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযোগ আরও ভয়াবহ। শুধু জমি দখলেই থেমে থাকেননি তিনি। কবরস্থানের অংশে বাথরুম নির্মাণ করা হয়েছে এবং পবিত্র এই স্থানে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।
স্থানীয়দের ভাষ্য, “মৃত মানুষের শেষ আশ্রয়স্থল কবরস্থান। সেই জায়গা দখল করে ব্যক্তিগত সম্পত্তি বানানোর চেষ্টা শুধু অন্যায় নয়, এটি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চরম অবমাননা।”
এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি।
তবে গতকাল বুধবার (৪ জুন) কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদের উদ্যোগে জমিটি উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে চেয়ারম্যান মোস্তফা খান বলেন, “গ্রামের মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা বিষয়টির সমাধানে কাজ করছি। কবরস্থানের জমি উদ্ধার এবং গ্রহণযোগ্য সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।”
অভিযুক্ত সারোয়ার মাতুব্বর পাঁচকাইচাইল গ্রামের মৃত ধলা মাতুব্বরের ছেলে।




















