নগরকান্দায় শামা ওবায়েদের দিনব্যাপী কর্মসূচি
- আপডেট সময় : ৩৭ বার পড়া হয়েছে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি শনিবার (১৮ জুলাই) ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং সামাজিক সচেতনতামূলক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
দিনের শুরুতে তিনি নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাসুদুর রহমানের বাড়ি পরিদর্শন করেন। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পরে একই ইউনিয়নে সম্প্রতি সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ডা. মাসুদুর রহমানের ভাতিজা মাহিম মাতুব্বর ও নাতি হাফিজুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এরপর উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশের আয়োজনে ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ শীর্ষক সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং সামাজিক সমস্যা প্রতিরোধে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধ এবং স্থানীয় বিরোধ ও জমিজমা-সংক্রান্ত সংঘাত নিরসনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ।
এ সময় নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন।


















